গণভোটের মাধ্যমে শতাব্দীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে -স্থানীয় সরকার উপদেষ্টা

গণভোটের মাধ্যমে শতাব্দীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে -স্থানীয় সরকার উপদেষ্টা

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোটে জনগণের মতামতের ভিত্তিতে শতাব্দীর বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারিত হবে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। যারা জুলাই সনদের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, যারা শহিদের রক্তের বিষয়ে শ্রদ্ধাশীল তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। এখানে কোন নিরপেক্ষতার জায়গাই নেই। 

 

উপদেষ্টা গতকাল বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ উপলক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

 

তিনি বলেন, ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এজন্য আগামী ১২ তারিখ গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’- এর জয়ের মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে।

 

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

 

পরে উপদেষ্টা বগুড়া জেলার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের করব জিয়ারত করেন। এছাড়া, উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয় বাস্তবায়িত বগুড়া জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

 

 

সূত্রঃ পিআইডি